ইত্তেফাক রিপোর্ট
ঈদ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব মুক্তিযোদ্ধাকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী শনিবার মোহাম্মদপুরের গজনভি রোডে অবস্থিত শহিদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে অবস্থানরত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের ফুল, ফল ও মিষ্টি উপহার পাঠান। প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু, উপ প্রেস সচিব কে এম সাখাওয়াত মুন এবং সহকারী প্রেস সচিব এ বি এম সারওয়ার-ই-আলম সরকার তাদের হাতে এই উপহার সামগ্রী পৌঁছে দেন। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহিদ পরিবারের সদস্যরা স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ঈদ ও পহেলা বৈশাখের মতো প্রতিটি জাতীয় দিবস ও উত্সবে তাদের স্মরণ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।