দেশবাসী শান্তিপূর্ণভাবে ঈদ উদ্যাপন করেছে :স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, দেশবাসী নিরাপদে ঈদ উদ্যাপন করেছে। দেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গত রবিবার ধানমন্ডির সরকারি বাস ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে শান্তিপূর্ণভাবে ও অত্যন্ত নিরাপদে দেশবাসী পবিত্র ঈদুল আজহা পালন করেছেন। ফেরিঘাটগুলোতে মানুষের চাপ ছিল। পদ্মার সে াত ও ভাঙনের কারণে আমরা মাওয়া ফেরিঘাট বন্ধ করতে বাধ্য হয়েছি মানুষের নিরাপত্তার স্বার্থেই। সম্প্রতি জঙ্গি হামলার আশঙ্কা, পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় আইএসের দায় স্বীকারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিদের স্লিপিং টিম রয়েছে। তবে তাদের নাশকতা ও হামলার দায় স্বীকারের বিষয়টি প্রচারণা। এগুলো তারা নিজেরাই করে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এমন কিছু টের পেলে তাদের সেই বিষয়টিতে মনোযোগ দিতে হয়, এটা নিয়ম। এদিকে কক্সবাজারে মেরিন ড্রাইভে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা নিহতের ঘটনা তদন্তের পর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।