চঞ্চল-ফারিয়ার ‘চরিত্র:প্রেমিক’

বিনোদন রিপোর্ট

 

বাংলাভিশনে আজ রাত ৯ টা ৫৫ মিনিটে  প্রচারিত হবে নাটক ‘চরিত্র প্রেমিক’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাসুদ সেজান

এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শবনম ফারিয়া, শামীমা নাজনীন, সাজ্জাদ রেজা, মুসাফির সৈয়দ, সৈয়দ গোলাম সারোয়ার, মুনিয়া ইসলাম, আল আমিন সবুজ প্রমুখ। নাটকটিতে অভিনয় সম্পর্কে চঞ্চল চৌধুরী বলেন, ‘গত ঈদে দর্শকরা তেমন ভালো কোনো কাজ পায়নি করোনার জন্য। তবে এই ঈদে সীমিত পরিশরে হলেও কিছু ভালো কাজ করা হয়েছে। এই নাটকটিও তেমনই একটি কাজ। আশা করছি দর্শকরা বিনোদিত হবেন।’ 

নাটকটির গল্পে দেখা যাবে, রাসেল ও শায়লা দীর্ঘদিন প্রেম করার পর বিয়ে করে। প্রেমের সময়টাতে সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু বিয়ের পর হঠাত্ রাসেলের প্রেমিক চরিত্রটি উধাও হয়ে যায়। যে সবসময় শায়লাকে খুশি করার জন্য অস্থির থাকতো, সেই রাসেল এখন উঠতে-বসতে, কথায়-কথায় শায়লাকে খোঁচা দিয়ে কথা বলে। চুন থেকে পান খসলেই মানসিক নির্যাতনের চূড়ান্ত আচরণে ঢুকে যায়।

শায়লা রাসেলের এই পরিবর্তনটাকেই একটা পর্যায়ে স্বাভাবিক হিসেবে মেনে নিয়েছিল। কিন্তু বছর দুয়েক পর বড় একটা বিপত্তি বাঁধে। হঠাত্ একদিন ঘুম থেকে উঠেই রাসেল আবার সেই আগের প্রেমিক হয়ে যায়। শায়লার মনে সন্দেহ দানা বাঁধে। শায়লা রাসেলের এই হঠাত্ পরিবর্তনের রহস্য বের করার মিশনে নামে।