শনিবার যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীসহ সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হয়েছে। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদুল আজহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করেন।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। মুকাব্বির হিসেবে ছিলেন মসজিদের মুয়াজ্জিন হাফেজ কারি কাজী মাসুদুর রহমান।
নামাজ শেষে করোনা ভাইরাস থেকে মুক্তি এবং মুসলিম উম্মাহ ও দেশের কল্যাণের জন্য দোয়া করা হয়েছে। এ সময় ইমামের সঙ্গে মুসল্লিরা আমিন আমিন ধ্বনি দিয়ে কান্নায় ভেঙে পড়েন।
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জাতীয় মসজিদে বিশেষ ব্যবস্থা নেয় ইসলামিক ফাউন্ডেশন। নামাজের আগে মাইকে জানিয়ে দেওয়া হয়, কোনো মুসল্লি যেন মাস্ক ছাড়া মসজিদে না আসেন।
এবার ঈদে ছুটি তিন দিন ঘোষণা করে সরকার। ঈদ উপলক্ষ্যে শুক্রবার ৩১ জুলাই, ১ আগস্ট শনিবার ঈদের দিন এবং ২ আগস্ট রবিবার ছুটি ছিল। মহামারির কারণে এবারের ঈদের ছুটির সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাধ্যতামূলক কর্মস্থলে থাকতে বলা হয়। তাদের কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
ঈদ পালনে এবং পশু কোরবানির জন্য স্বাস্থ্যবিধি প্রণয়ন করে স্বাস্থ্য অধিদপ্তর। এবার হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদের জামাত হয়নি। শত বছরের ঐতিহ্য ঐতিহাসিক শোলাকিয়া ময়দানেও ঈদের জামাত হয়নি।