ছয় সপ্তাহের মধ্যেই টিকটক বিক্রির নির্দেশ দিলেন ট্রাম্প

শর্ট ভিডিও স্ট্রিমিংয়ের জনপ্রিয় চীনা অ্যাপ টিকটক যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেওয়ার জন্য অ্যাপটির মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সকে ছয় সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এই নির্দেশনা দেন তিনি। ছয় সপ্তাহের মধ্যে অ্যাপটি যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রি না করলে এটির ‘ব্যবসা গুটিয়ে’ দেওয়া হতে পারে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, ‘এটা আমেরিকার কোনো কোম্পানির হবে, যার মালিকানা থাকবে এই দেশে। কেননা, আমরা নিরাপত্তা নিয়ে কোনো         ঝুকি নিতে চাই না।’ ট্রাম্প এদিন বলেন, ‘১৫ সেপ্টেম্বরের মধ্যে যদি বাইটড্যান্স টিকটক মার্কিন প্রতিষ্ঠান মাইক্রোসফট বা অন্যকোনো কোম্পানির কাছে বিক্রি না করে, তাহলে এটি যুক্তরাষ্ট্রে ব্যবসার বাইরে চলে যাবে।’

সমপ্রতি চীনের সঙ্গে কিছু কুটনৈতিক ঝামেলা সৃষ্টি হবার পর যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা ও আইনপ্রণেতারা উদ্বেগ প্রকাশ করে বলে আসছিলেন, টিকটক যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বে বিপুল জনপ্রিয়তা পেয়েছে। অ্যাপটি অসত্ উদ্দেশ্যে ব্যবহার করতে পারে বেইজিং। এতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা হুমকিতে পড়তে পারে। তাই ট্রাম্প সমপ্রতি ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রে চীনের এই অ্যাপ নিষিদ্ধ করা হবে। এমন পরিস্থিতিতে অ্যাপটি চীনা প্রতিষ্ঠানের কাছ থেকে কেনার জন্য আগ্রহ দেখায় মার্কিনটেক জায়ান্ট মাইক্রোসফট। অ্যাপটি নিজেদের মালিকায় আনলে যুক্তরাষ্ট্র আর্থিকভাবে কতটুকু লাভবান হবে এ নিয়ে এরই মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা করছে মাইক্রোসফটের প্রতিনিধিরা।

রবিবার মাইক্রোসফট প্রধান নির্বাহী সত্য নাদেলার সঙ্গে টেলিফোনে কথা বলেন ট্রাম্প। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এও বলেছেন, বিক্রির একটা বড় শতাংশ অর্থ তার সরকারের কোষাগারের যাওয়া উচিত। কারণ তিনিই এটা সম্ভব করছেন (বিক্রি করতে বাধ্য করতে)।  এর মধ্যে কোনও বেআইনি বিষয় নেই।

একে তো ৬ সপ্তাহ সময় বেঁধে দিলেন মার্কিন প্রেসিডেন্ট, তার সঙ্গে আবার বিক্রির চুক্তির টাকা দাবি করায় ক্ষোভ জানিয়েছে বেইজিংও। ট্রাম্পের এই ঘোষণার পরের দিনই চীনা পররাস্ত্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েবিন তীব্র আক্রমণ করে বলেছেন, ‘জাতীয় নিরাপত্তার ভ্রান্ত ধারণার কথা বলছে আমেরিকা। কোনও তথ্যপ্রমাণ ছাড়াই অপরাধের অনুমান করছে এবং সেই অনুযায়ী সংশ্লিষ্ট সংস্থাগুলিকে হুমকি দিচ্ছে। অপরদিকে, চীনের সরকারি সংবাদপত্রেও ট্রাম্পের এই বক্তব্যের তীব্র সমালোচনা করা হয়েছে। সম্পাদকীয় প্রতিবেদনে বলা হয়েছে, চীনা তথ্যপ্রযুক্তি সংস্থাকে এ ভাবে ‘চুরি’ করা মেনে নেয়া হবে না। পাশাপাশি চীনেরও পাল্টা জবাব দেওয়ার অনেক পন্থা রয়েছে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে ওই প্রতিবেদনে।

উল্লেখ্য, ২০১৭ সালে চালু হওয়ার অল্প সময়ের মধ্যেই বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়ে যায় ৬০ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিও তৈরির এই অ্যাপ। -বিবিসি, সিএনএন