দেশের মানুষের উন্নত জীবনই আমাদের লক্ষ্য :প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার কাজ করে যাচ্ছে। মানুষ যাতে উন্নত জীবন পায়, সেটাই আমাদের লক্ষ্য। মহামারির সময়ে সরকার জনগণের পাশে দাঁড়িয়েছে।’ জাতীয় শোক দিবস-২০২০ উপলক্ষ্যে রবিবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং অনাথদের মধ্যে ঈদের উপহার, মৌসুমি ফল ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

বঙ্গবন্ধুকে হত্যার জন্য পুনরায় স্বাধীনতাবিরোধী অপশক্তিকে অভিযুক্ত করে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতাকে হত্যার পর দেশের জনগণ তাদের সব সম্ভাবনা হারিয়ে ফেলে।   তিনি বলেন, ‘জাতির পিতা আমাদের স্বাধীনতা এনে দিয়ে গেছেন। দেশি-বিদেশি চক্র যারা এই স্বাধীনতা চায়নি এবং এতে বিশ্বাসও করত না, এমনকি স্বাধীনতা অর্জনে কোনোরূপ সহযোগিতা পর্যন্ত করেনি, তারাই ষড়যন্ত্র করে তাকে নৃশংসভাবে হত্যা করেছে।’

বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বলেন, তিনি এবং তার ছোট বোন শেখ রেহানা বিদেশে থাকায় ১৫ আগস্টের সেই ঘটনা থেকে প্রাণে বেঁচে যান। তিনি বলেন, স্বাধীনতার পরে জাতির পিতার গতিশীল নেতৃত্বে দেশ যখন আর্থসামাজিক উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময়ই তাকে হত্যা করা হয়। সরকার ও দলের পক্ষ থেকে অসহায় মানুষের দ্বারে দ্বারে খাবার পৌঁছে দেওয়ার প্রচেষ্টা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘গরিব, এতিম ও অসহায়দের মুখে খাবার তুলে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।’ তিনি দলের প্রত্যেক নেতাকর্মীকে বঙ্গবন্ধুর জীবনী পড়ার এবং তার আদর্শ বাস্তবায়নে ব্রতী হওয়ার আহ্বান জানান।’

অনুষ্ঠানে নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্মসাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি।