বাংলাদেশ টেলিভিশনের খ্যাতিমান প্রযোজক, টেলিভিশন ব্যক্তিত্ব মোহাম্মদ বরকতউল্লাহ আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে সোমবার সকাল ৯টা ৩০ মিনিটে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি অভিনেত্রী বিজরী বরকতুল্লাহর বাবা। আরেক সন্তান কাজরী। তার স্ত্রী নৃত্যশিল্পী জিনাত বরকত উল্লাহ। তিনিও করোনায় আক্রান্ত হয়ে চিকিত্সাধীন রয়েছেন। মোহাম্মদ বরকতউল্লাহ মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে, মোহাম্মদ বরকতউল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিনোদন অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব। তারা মৃতের রুহের মাগফিরাত কামনা করেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বরকত উল্লাহর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম ।