ন্যান্সির নতুন গান ‘এমন একটা মন’

 

এই ঈদে প্রকাশ পেয়েছে সংগীতশিল্পী ন্যান্সির মিউজিক ভিডিও ‘এমন একটা মন’। গানের কথা লিখেছেন গীতিকবি মহসীন মেহেদী। সুর সংযোজন করেছেন এহসান রাহী এবং সংগীতায়োজন করেছেন মীর মাসুম। ‘ভাবিনি এমন করে, বুঝিনি তো আগে/ মনের মানুষ চলে গেলে কেমন ব্যথা লাগে।/ ভুলে যেতে পেরেছো কত না সহজে/ এমন একটা মন আমার/ হলো না কেন যে।’ এমনই চমত্কার কথার সুন্দর এই গানটির মর্মে যেন একরাশ বিষণ্নতা লেপ্টে আছে। সুর, সংগীতায়োজন, গায়কী আর সুন্দর চিত্রায়ণে গানটি পেয়েছে উদ্দীষ্ট মাত্রা। গানটি শুনতে শুনতে কেমন এক হাহাকারে মন ছেয়ে যায়। বুকে অনুভূত হয় চিনচিনে ব্যথা। ‘এমন একটা মন’ মূলত আহত হূদয়ের আকুল আকুতি। ‘স্মৃতিগুলো ফিরে আসে হয়ে/ টুকরো কাচের গল্প/ ক্ষণে ক্ষণে মরে যাওয়া/ আর বেঁচে থাকা অল্প...’। জীবনের অমোঘ সত্য ফুটে ওঠেছে এই কয়টি লাইনে। টুকরো কাচের গল্প নিয়ে রক্তাক্ত হূদয়ে তবুও মানুষ বেঁচে থাকে। গানটি প্রসঙ্গে শিল্পী ন্যান্সি বলেন, ‘অনেকদিন পর সুন্দর লিরিকের মনের মতো একটা গান করতে পেরে খুব ভালো লাগছে। আশা করি প্রকৃত সংগীতপিপাসু শ্রোতা গানটা হূদয় থেকে গ্রহণ করবেন।’ সিএমভি থেকে প্রকাশিত গানটির ভিডিও নির্মাণ করেছেন মীর শরিফুল করিম শ্রাবণ, চিত্রগ্রহণে সাকিব নিলয়।