দীপ মুখোপাধ্যায়
কবিতা লিখে রোজ ফেসবুকে ছাড়ি
শুধুই বাহবা চাই যদিও আনাড়ি
হঠাত্ লাইক পেলে ফুলে যায় বুক
গলে যাই কমেন্টসে এটাই হুজুক।
টুইটারে পোস্ট করি সেই হাবিজাবি
নিজেকে অকারণে বিখ্যাত ভাবি।
গদ্যে ঘোড়ার মতো আমি টগবগে
শুনি কত হিট হলো ধামাধরা ব্লগে
সাহিত্য হয় না জানি ফেসবুক থেকে
ইগোকে মালিশ করি তবু প্রত্যেকে।
আসলে লেখক নই লিখিনি তো বই
পরস্পরের শুধু পিঠ চুলকোই।
প্রসব করেছি আমি কত ছাইপাঁশ
বদলেছি বারেবারে নিজের স্ট্যাটাস
সোশ্যাল মিডিয়াতে না লিখেও ভাই
কবি ও লেখক আছে কত হাইফাই
পত্রিকা, মুদ্রণ, কাগজ-কলম
সাহিত্যে জড়িয়ে থাক সেই উদ্যম।
আমগাছে আম ফলে তালগাছে তাল
মহাকাল গিলে নেয় সব ভাইরাল
লেখকেরা টিকে থাকে লেখনীর ফলে
সোশ্যাল মিডিয়াগামী না হলেও চলে।