ক্রীড়াঙ্গনে শেখ কামাল স্মরণ

স্পোর্টস রিপোর্টার

আধুনিক ক্রীড়াঙ্গনের ভাবনা তার মাথায় ছিল। তরুণ বয়সেও শহিদ শেখ কামাল ছিলেন দূরদর্শী এক জন ক্রীড়া সংগঠক। কীভাবে দেশের ক্রীড়াঙ্গনকে সাজিয়ে তোলা যায় তা নিয়ে কতো পরিকল্পনা করেছিলেন। ৭৫ এর ১৫ আগস্ট অকালে তাঁর প্রাণ কেড়ে নিয়েছিল ঘাতকের গুলি। গতকাল ছিল শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী। তার জন্মদিন উপলক্ষ্যে দেশের ক্রীড়াঙ্গন ছিল মুখরিত। ক্রীড়া মন্ত্রণালয় হতে শুরু করে বিভিন্ন ফেডারেশন এবং শেখ কামালের হাতে গড়া সংগঠন আবাহনী শেখ কামালকে শ্রদ্ধায় স্মরণ করেছে।  আবাহনী টেন্টে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। মিলাদ ও দোয়া মাহফিল এবং দোয়া করা হয়। ভার্চুয়াল আলোচনা সভাও হয়েছে। আবাহনীর চেয়ারম্যান সালমান এফ রহমানের সভাপতিত্বে, আবাহনীর ভারপ্রাপ্ত ডাইরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদের সঞ্চালনায়, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, বিদ্যুত্ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, অঞ্জন চৌধুরী পিন্টু এবং হারুনুর রশিদ, বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন শহিদ শেখ কামালের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।    

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক শহিদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ কর্মসূচি পালন করেছে বিসিবি। গতকাল মিরপুর স্টেডিয়ামে কোরআন খতম, মোনাজাত এবং দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়। ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন শহিদ শেখ কামাল।