কার্স্টেনের ক্লাসে ক্রিকেটাররা

স্পোর্টস রিপোর্টার

করোনাকালে মাঠের ক্রিকেট বন্ধ। তবে অনলাইনে ভার্চুয়াল মিটিংয়ে ক্রিকেটারদের সমৃদ্ধ করার চেষ্টা করে যাচ্ছে বিসিবি। গতকাল ভারতের বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কার্স্টেনের টিপস পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। হেড কোচ রাসেল ডমিঙ্গোর আমন্ত্রণে বাংলাদেশ দলের সঙ্গে অনলাইনে মিটিংয়ে সময় দিলেন দক্ষিণ আফ্রিকার এই সাবেক ক্রিকেটার। গতকাল বিকালে অনুষ্ঠিত হয় এই মিটিং।

কার্স্টেনের সঙ্গে মিটিংয়ে উপকৃত হয়েছেন ক্রিকেটাররা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার গতকাল বলেছেন, ‘সে অনেক বিষয়ে কথা বলেছে এবং আশা করছি, দীর্ঘমেয়াদে তার পরামর্শ আমাদের কাজে লাগবে।’ এর আগে ২০১৮ সালে হেড কোচ নিয়োগে বিসিবির পরামর্শক হিসেবে কাজ করেছিলেন কার্স্টেন।

করোনার সময়ে বাংলাদেশের কোচিং স্টাফরাও অনেকবার অনলাইন মিটিং করেছেন ক্রিকেটারদের সঙ্গে।