দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত ও তিন জন আহত হয়েছেন। খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের।
লোহাগাড়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের লোহাগাড়ায় বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে হেলাল উদ্দিন (২৪) নামে একজন নিহত ও ফরিদুল আলম (২৪) নামে আরেক জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার বার আউলিয়া কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জগপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এর আরোহী রাজমিস্ত্রি সোহেল মিয়া নিহত ও চালক কলেজছাত্র কিবরিয়া খান গুরুতর আহত হয়েছেন। বুধবার দুপুরে হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ সড়কের জগতপুরে দুর্ঘটনাটি ঘটে।
বিরামপুর (দিনাজপুর) : বিরামপুরের পার্শ্ববর্তী নবাবগঞ্জে নিজের ব্যাটারিচালিত ভ্যানগাড়ি চাপায় চালক মমিনুল ইসলাম (৫৫) নিহত হয়েছে। এ সময় ভ্যানে থাকা ছোট ভাই আনারুল ইসলাম (৪০) গুরুতর আহত হয়েছেন।
ভ্রাম্যমাণ প্রতিনিধি জানান, ঝিনাইদহ সদর উপজেলার আড়ুয়াকান্দি এলাকায় বাসের ধাক্কায় রাজু আহম্মেদ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় মাইক্রোবাস চাপায় মান্নান খান (৫০) নামে এক পান বিক্রেতা নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার গুলিশাখালী বাজারে এ দুর্ঘটনা ঘটে। পান বিক্রেতা নিহত মান্নানের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর গ্রামে।