প্রায় ৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উত্পল কুমার দে ও তার স্ত্রী গোপা দের বিরুদ্ধে দুইট পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী মামলা দুইটি করেন। এই দুই মামলার মধ্যে প্রথমটিতে উত্পল কুমার দে ও তার স্ত্রী গোপা দের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে ৬ কোটি ৬২ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে। আর অপর মামলায় শুধু উত্পল কুমার দেকে আসামি করা হয়েছে। আর ঐ মামলায় তার বিরুদ্ধে ১ কোটি ১৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে।
দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন, আলোচিত ঠিকাদার ও বহিষ্কৃত যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমসহ সংশ্লিষ্টদের দুর্নীতির অনুসন্ধান থেকে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উত্পল কুমার দে ও তার স্ত্রী গোপা দের এসব অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে কমিশন। এরপর অনুসন্ধান ও তথ্য সংগ্রহ করেন দুদকের কর্মকর্তারা। পরে সেগুলো যাচাই-বাছাই করে কমিশন তাদের অবৈধ সম্পদের ব্যাপারে নিশ্চিত হয়। এর ধারাবাহিকতায় কমিশন এ দুটি মামলা করে।