করোনায় মারা গেলেন সাবেক আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের  আইন ও বিচার বিভাগের অবসরপ্রাপ্ত সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক দুলাল ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি গতকাল বুধবার রাত ১১টা ২০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন। তিনি স্ত্রী, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি। করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে তিনি গত ২৭ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এরপর সেখানেই তিনি চিকিত্সাধীন ছিলেন। উল্লেখ্য, আবু সালেহ শেখ মো. জহিরুল হক আইন সচিব হিসেবে ২০১৫ সালের ২ ফ্রেরুয়ারি থেকে দায়িত্ব পালন শুরু করেন। এরপর ২০১৭ সালের ৭ আগস্ট  অবসরে গেলে সরকার তার অবসর-উত্তর ছুটি বাতিল করে তাকে দুই বছরের জন্য আইন ও বিচার বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেন। এরপর দুই বছর চুক্তিভিত্তিক দায়িত্ব পালন শেষ করে ২০১৯ সালের ৭ আগস্ট তিনি পুরোপুরি অবসরে চলে যান। আবু সালেহ শেখ মো. জহিরুল হক ১৯৫৮ সালের ৮ আগস্ট সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় জন্মগ্রহণ করেন।