প্রায় পাঁচ মাস পর নিম্ন আদালতে বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থী জনগণের শারীরিক উপস্থিতিতে বিচারকাজ অনুষ্ঠিত হয়েছে। করোনা ভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ ছিল নিয়মিত আদালত। পরে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় গতকাল বুধবার থেকে দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালসমূহে শারীরিক উপস্থিতির মাধ্যমে এ বিচার কার্যক্রম শুরু হয়। ফলে দীর্ঘদিন পর আদালত প্রাঙ্গণে কর্মচাঞ্চল্য ফিরে আসে। তবে স্বাস্থ্যবিধি অনুসরণের ক্ষেত্রে শিথিল ভাব লক্ষ করা গেছে। যদিও শারীরিক উপস্থিতিতে বিচারকাজ শুরুর নির্দেশ দেওয়া হলেও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
এদিকে সুপ্রিম কোর্টে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ শুরুর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আজ বৃহস্পতিবার ফুল কোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিকাল ৩টায় অনুষ্ঠিত এই ফুল কোর্ট সভায় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা অংশ নেবেন। প্রসঙ্গত, দেশে করোনা ভাইরাস সংক্রমণের পর বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থী জনগণকে সুরক্ষা দিতে চালু করা হয় ভার্চুয়াল বিচারব্যবস্থা। পরে সশরীরে আসামিদের আত্মসমর্পণ করে আদালতে জামিন চাওয়ার বিষয়টি চালু করা হয়।