করোনা মোকাবিলায় আরো ২৫ কোটি ৫০ লাখ টাকা অনুদান দিচ্ছে এডিবি

করোনা মোকাবিলায় বাংলাদেশের জন্য জরুরিভাবে আরো ৩০ লাখ ডলার (২৫ কোটি ৫০ লাখ টাকা) অনুদান অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বোর্ড সভা। এই অনুদানে চিকিত্সা সরঞ্জাম সংগ্রহ করা হবে। এশিয়া প্যাসিফিক ডিজাস্টার রেসপন্স তহবিলের মাধ্যমে জাপান সরকার এই অনুদান দিচ্ছে। এই তহবিলের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এডিবি। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ উল্লেখ করেছেন, করোনা মোকাবিলায় জরুরি প্রয়োজনে চিকিত্সা সরঞ্জাম সংগ্রহে এই অর্থ অনুদান আকারে দেওয়া হবে। প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ ছাড়াও মেডিক্যাল যন্ত্রপাতি এবং করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ সরঞ্জাম সংগ্রহ করা হবে। তিনি আরো উল্লেখ করেন, করোনা মোকাবিলা এবং করোনাপরবর্তী দ্রুত আর্থসামাজিক পুনরুদ্ধারে এডিবি সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে বাংলাদেশের করোনা মোকাবিলায় ঋণ ও অনুদান মিলিয়ে ৬০ কোটি ৩০ লাখ ডলার (৫ হাজার ১২৫ কোটি ৫০ লাখ টাকা) সহায়তা দেওয়ার অনুমোদন করেছে এডিবির বোর্ড সভা।