পতিত জমিতে লেবু চাষে সাফল্য

কৃষক আকরাম হোসেনের লেবু গাছে ঝুলছে থোকায় থোকায় লেবু। বসতবাড়িসংলগ্ন পতিত জমিতে সুগন্ধি পাতিলেবু চাষ করে প্রথমবারেই সাফল্য পেয়েছেন তিনি। লেবু চাষে তার এমন সাফল্য দেখে এলাকার অনেক মানুষ উত্সাহিত হয়েছেন।

খুলনার রূপসা উপজেলার দেবীপুর গ্রামের কৃষক মো. আকরাম হোসেন (৬০)। এক বছর আগে তার সৃজিত বাগানে এখন থোকায় থোকায় ঝুলছে সবুজ রঙের পাতিলেবু। পাইকাররা তার বাগানে এসে এই লেবু কিনে নিয়ে যাচ্ছেন। ফলে বাজারজাত করার বাড়তি ঝামেলা নেই। প্রতি পিস লেবু তিনি ৩ টাকা করে বিক্রি করেছেন।

কৃষক আকরাম হোসেন জানান, গত বছর আষাঢ় মাসে তিনি ৫০ শতক জমিতে উন্নত পদ্ধতিতে ১০০ সুগন্ধি লেবুর (পাতিলেবু) চারা রোপণ করেন। চারা কেনা, গর্ত তৈরি, সার ও অন্যান্য খরচ মিলে তার প্রায় ৪০ হাজার টাকা ব্যয় হয়। চারা রোপণের এক বছরের পর থেকেই তার স্বপ্নের লেবু গাছে ফল ধরা শুরু হয়।

লেবু চাষে আগ্রহী অন্য কৃষকদের উদ্দেশে আকরাম হোসেন বলেন, যাদের পরিত্যক্ত জায়গা-জমি আছে, আপনারা তা ফেলে না রেখে লেবুসহ বিভিন্ন ফলের গাছ লাগান এবং যত্ন নিন।

রূপসা উপজেলা কৃষি অফিসের  উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুর রহমান জানান, উঁচু ও মাঝারি উঁচু প্রকৃতির দো-আঁশ মাটি লেবু চাষের জন্য উপযুক্ত। রূপসা উপজেলা কৃষি অফিসার মো. ফরিদুজ্জামান বলেন, উপজেলার দেবীপুর গ্রামের মো. আকরাম হোসেন বসতবাড়ির আঙিনার পতিত জমিতে লেবু বাগান করে সফল হয়েছেন। উপজেলা কৃষি অফিস থেকে আমরা তাকে প্রয়োজনীয় সহযোগিতা করে আসছি।