সামান্য বৃষ্টিতেই মেলান্দহ রেল স্টেশন চত্বরে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। বর্ষাকালে স্টেশন সদর রাস্তাটিও চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীসাধারণ। স্থানীয়দের অভিযোগ, স্টেশন এরিয়াতে থাকা জলাশয়গুলো ক্রমান্বয়ে ভরাট ও পানি নিষ্কাশনের পথগুলো বন্ধ থাকায় জলাবদ্ধতা বাড়ছে।
স্টেশন বাজারের ব্যবসায়ী জয়নাল আবেদীন ও শফিকুল ইসলাম চৌধুরী জানান, রেলের আইন ভঙ্গ করে স্থাপনা নির্মাণের কারণেই এমনটা হয়েছে। মেলান্দহ রেলওয়ে স্টেশন মাস্টার জিয়াউল হক জানান, রেলের পুকুর ভরাটের বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ ছাড়াও স্থানীয় মেয়র শফিক জাহেদী রবিনকেও জলাবদ্ধতার বিষয়টি জানানো আছে। তিনি পয়োনিষ্কাশনে পদক্ষেপ নিবেন বলে আশ্বস্ত করেছেন।