বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, এই সরকারের আমলে কারো জীবনের নিরাপত্তা নেই, কোনো জবাবদিহিতা নেই, কোনো বিচার নেই। বর্তমানে দেশে আইনের শাসন নেই, ন্যায়বিচার নেই, মানবাধিকার নেই। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।
বৃহস্পতিবার সকালে গুরুদাসপুর উপজেলার নয়াবাজার মোড়ে বড়াইগ্রাম ও গুরুদাসপুর থানা এবং পৌর ছাত্রদলের ঈদ-পরবর্তী পুনর্মিলনী সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসব কথা বলেন। দুলু আরো বলেন, বিএনপি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, এবং অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতনের অবসান ঘটানোর জন্য জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। সে প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার কাজে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি তার যথাযথ ভূমিকা পালন করে চলবে।
গুরুদাসপুর থানা বিএনপির আহ্বায়ক আব্দুল আজিজের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন গুরুদাসপুর পৌর বিএনপির আহ্বায়ক মশিউর রহমান বাবলু, সদস্য সচিব আবু সাইদ, বড়াইগ্রাম উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক শামসুল আলম রনি প্রমুখ।