কামারখন্দে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

কামারখন্দে দুই সন্তানের জননী গৃহবধূ রেহেনাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার মধ্যরাতে উপজেলার কুড়া উদয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেহেনা উপজেলার চড়কুড়া গ্রামের মৃত রকমানের মেয়ে ও কুড়া উদয়পুর গ্রামের এনছাব আলীর ছেলে কেরামত আলীর স্ত্রী।

রেহেনার স্বজনদের দাবি, পাশের বাড়ির এক মেয়ের সঙ্গে অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে তোলে কেরামত। রেহেনা প্রতিবাদ করায় তাকে কেরামত মারপিট করত। বুধবার মধ্যরাতে রেহেনাকে শ্বাসরোধ করে হত্যার পর রশি দিয়ে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে তার স্বামী।

এ ব্যাপারে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, লাশের সুরতহাল করে দেখা যায় গৃহবধূর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে ঐ নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।