সেঞ্চুরিতে পাকিস্তানকে টানলেন শান মাসুদ

অনেক প্রশংসার জোয়ারে ভাসা বাবর আজম পারেননি। থেমে গেছেন ৬৯ রান করে। প্রথম দিন শেষে বাবরের সঙ্গী থাকা শান মাসুদ ঠিকই পাকিস্তানের ব্যাটিং লাইনকে বয়ে বেড়ালেন। ম্যানচেস্টারে ইংলিশ পেস ব্যাটারির বিরুদ্ধে চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় লড়াই করে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি করেছেন এই বাঁহাতি ওপেনার।

খেলেছেন ক্যারিয়ার সেরা ইনিংস। ইংল্যান্ডের মাটিতে ২৪ বছর পর পাকিস্তানি কোনো ওপেনার সেঞ্চুরি পেলেন। সর্বশেষ ১৯৯৬ সালে সেঞ্চুরি করেছিলেন সাঈদ আনোয়ার। শান মাসুদের মাধ্যমে বড় অপেক্ষার অবসান হলো গতকাল। তার সেঞ্চুরিতে ম্যানচেস্টারে পাকিস্তানের সংগ্রহটা চ্যালেঞ্জিং রূপ পেয়েছে। গতকাল দ্বিতীয় দিনে চা বিরতি পর্যন্ত প্রথম ইনিংসে পাকিস্তান ৮ উইকেটে ৩১২ রান তুলেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত শান মাসুদ ১৫১ ও শাহিন শাহ আফ্রিদি ১ রানে অপরাজিত আছেন। মিডল অর্ডারে শান মাসুদকে সঙ্গ দেওয়া শাদাব খান ৪৫ রানের ইনিংস খেলেন।