আদমদীঘির অধিকাংশ টিউবওয়েল অকেজো

বগুড়ার আদমদীঘি উপজেলা এলাকায় সরকারি ও বেসরকারি ভাবে স্থাপিত টিউবওয়েলগুলোর মধ্যে অধিকাংশই অকেজো। দীর্ঘদিন এসব মেরামত না করায় যন্ত্রাংশ চুরি ও নষ্ট হয়ে যাচ্ছে। ফলে এসব নলকূপের ওপর নির্ভরশীল মানুষ বিশুদ্ধ পানির সংকটে পড়েছে। এছাড়া হাটবাজার, রেলস্টেশন, বাসস্ট্যান্ড ও জনসমাগম স্থলে নিরাপদ পানির জন্য হাহাকার। উপজেলা সংশ্লিষ্ট দপ্তরের হিসেবমতে, এরকম স্থাপিত নলকূপের সংখ্যা প্রায় ১০০০। এর মধ্যে বিভিন্ন কারণে ৬০০-ই অকেজো। এসব নলকূপ থেকে মানুষ পানি পায় না। গ্রাম, শহর-বন্দর, হাট-বাজারে স্থাপিত এসব নলকূপ দেখভালের যেন কেউ নেই! ফলে গৃহস্থালিসহ সব ধরনের কাজ পুকুরের পানিতেই সারতে হচ্ছে। দ্রুত অচল টিউবওয়েলগুলো সচল করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

সাকলাইন লেনিন

আদমদীঘি, বগুড়া