বন্যায় মানিকগঞ্জ সড়ক বিভাগের ৩৩ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত

বন্যায় মানিকগঞ্জের আঞ্চলিক সড়কগুলোর অধিকাংশই ক্ষতির সম্মুখীন হয়েছে। অতি বন্যার কারণে মানিকগঞ্জ সড়ক বিভাগের আওতায় প্রায় ৩৩ কিলোমিটার রাস্তার ক্ষতি নিরূপণ করেছে সড়ক বিভাগ কর্তৃপক্ষ। পানিতে ডুবে যাওয়া রাস্তার ক্ষতি এবং ঝুঁকি কমাতে জরুরিভিত্তিতে বালু ভর্তি ব্যাগ ও প্যালাসাইডিং দিয়ে ক্ষতির মাত্রা কমিয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা করা হচ্ছে।

মানিকগঞ্জ সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ সড়ক বিভাগের আওতাধীন ঢাকা (মিরপুর)-উথুলী-পাটুরিয়া-নটাখোলা-কাশিনাথপুর-বগুড়া-রংপুর-বেলডাঙ্গা-বাংলাবান্ধা জাতীয় মহাসড়ক (এন-৫) মানিকগঞ্জ অংশের .৩০ কিলোমিটার, উথুলী-আরিচা জাতীয় মহাসড়কের (এন-৫০৩) .১৫০ কিলোমিটার, আরিচা (বরঙ্গাইল)-ঘিওর-দৌলতপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক (আর-৫০৬) মানিকগঞ্জ অংশে ১.২০ কিলোমিটার, হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের (আর-৫০৪) মানিকগঞ্জ অংশে ৬.৫ কিলোমিটার, বানিয়াজুরি-ঝিটকা-হরিরামপুর (জেড-৫০৬৪) সড়কের ১০.৩ কিলোমিটার সড়ক বন্যায় ক্ষতির সম্মুখীন হয়েছে।

এ বিষয়ে মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী পরিচালক গাউছ-উল-হাসান-মারুফ বলেন, চলতি বন্যায় মানিকগঞ্জ সড়ক বিভাগের ৩৩ কিলোমিটার রাস্তা ক্ষতির হিসাব করা হয়েছে, বন্যার পানি কমলে পূর্ণাঙ্গ হিসাব পাওয়া যাবে। এর মধ্যে বর্তমানে যে ক্ষতি দেখা যাচ্ছে তা সংস্কার করতে প্রায় ৪ কোটি টাকার প্রয়োজন। ইতিমধ্যে আমরা রাস্তার ক্ষতিগ্রস্ত অংশে সংস্কারের কাজ শুরু করেছি। রাস্তা সংস্কার না হওয়া পর্যন্ত বড় যানবাহন চলাচল আমরা নিরুত্সাহিত করছি। জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে।