নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ জন।
বৃহস্পতিবার সকালে উপজেলার কাদিরাদিয়া গ্রামে ঐ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন একই এলাকার মৃত আবেদ আলীর ছেলে।
এলাকাবাসীর বরাত দিয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-সি) মাহিন ফরাজি বলেন, ‘উচিত্পুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আবু হানিফ ও উচিত্পুরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাফর মিয়ার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর ধরাবাহিকতায় বুধবার রাতে দুই গ্রুপের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ও পরে জাফর মিয়ার লোকজন আবু হানিফের লোকজনকে মারধর করে। এর জের ধরে মেম্বার আবু হানিফের লোকজন সকালে জাফর মিয়ার বাড়িতে হামলা চালায়। ঐ সময় বাধা দিতে আসলে জাফর মিয়ার বড় ভাই আনোয়ার হোসেনসহ পাঁচ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। অন্যদের হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আবু হানিফ মিয়াসহ তার লোকজন পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জাফর অভিযোগ করেন, আবু হানিফ নিজে লোকজন নিয়ে আমার ভাইকে হত্যা করেছে। আমি এর বিচার চাই।