লেবাননে খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিত্সাসামগ্রী এবং মেডিক্যাল টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। প্রয়োজনে জরুরি ভিত্তিতে লেবাননকে যেকোনো সহায়তা দিতে প্রস্তুত রয়েছে ঢাকা।বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ছারবেল ওহেবিকে ফোন করে বৈরুতের বিস্ফোরণে হতাহতের ঘটনায় সহানুভূতি প্রকাশ করেন এবং এসব বিষয় অবহিত করেন। এ সময় ড. মোমেন বিস্ফোরণে আহত বাংলাদেশিদের চিকিত্সাসহ সার্বিক সহযোগিতার জন্য লেবানন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, লেবাননে শক্তিশালী বিস্ফোরণে চার জন বাংলাদেশি নিহত হয়েছেন। এতে বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্যসহ প্রায় ১০০ জন বাংলাদেশি আহত হয়েছেন। এছাড়া সে দেশে অবস্থানরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বিজয়’য়ের ক্ষতি হয়েছে।