চোর বটে!

কেউ পেটের দায়ে চুরি করে তো কেউ করে স্বভাবের জন্য। এমনই এক স্বভাবের চোর মিলেছে জার্মানিতে। বার্লিনের শহরতলীর এই চোরের কাণ্ডে হতবাক সারা দেশ। বেশ কয়েক দিন ধরে এলাকার বাড়ির গেটের সামনে থেকে জুতা চুরি হচ্ছিল। বিষয়টি কারো মাথায় আসছিল না যে, বাড়ির বাইরে রাখা জুতা কোথায় যাচ্ছে? কিংবা ব্যবহার করা এই জুতা নিয়ে কারো কী এমন কাজে লাগবে?

ভুক্তভোগীদের এক জন ক্রিস্টিন মেয়ার। তিনি তার জগিংয়ের জুতা জোড়া চুরি যাওয়ার ঘটনাটি স্থানীয় এক নোটিশ বোর্ড শেয়ারিং প্ল্যাটফরমে শেয়ার করেন। বিষয়টি শেয়ার করার পর তিনি দেখলেন তার মতো ভুক্তভোগীর অভাব নেই। অনেকেই এই জুতা চুরির বিড়ম্বনায় পড়েছেন। তবে মজার বিষয় চোর আর বেশি দিন নিজেকে লুকিয়ে রাখতে পারেনি। কথায় আছে, চোরের দশ দিন তো গৃহস্থের এক দিন। ঠিকই এক রাতে জুতা চুরির সময় হাতেনাতে ধরা পড়ে যায় চোর। পরে তার পথ অনুসরণ করে উদ্ধার করা হয় চুরি যাওয়া জুতা; যার মধ্যে রয়েছে কারো এক জোড়া জুতা তো কারো এক পাটি জুতা। মজার বিষয়, চোর বেচারাকে জুতা চুরির দায়ে আর শ্রীঘরে যেতে হয়নি। কারণ এই চোর যে এক চতুর শৃগাল!—এনডিটিভি