‘এ কেমন বাঙালি’

১৯৭৫-এর ১৫ আগস্ট ছিল সারা জাতির একটি অপ্রত্যাশিত এবং শোকাবহ দিন। পৃথিবীতে সামরিক অভ্যুত্থান নতুন কোনো বিষয় নয়, কিন্তু ১৯৭৫-এর ১৫ আগস্টে যে ঘটনাটি ঘটেছিল তাকে কেবল সেনা অভ্যুত্থান বলা যাবে না। সম্ভবত সব জাতির ইতিহাসেই এমন নৃশংস হত্যাকাণ্ডের তুলনা খুঁজে পাওয়া কঠিন। মানুষের নৃশংসতা কোন পর্যায়ে পৌঁছাতে পারে, ১৯৭৫-এর ১৫ আগস্ট তার চরমতম রূপটি দেখে শুধু বাংলাদেশের মানুষই নয়, বরং গোটা পৃথিবীর সচেতন মানুষই চমকে উঠেছিল।

একটি পরিবারের ওপর মানুষ নামক কিছু পশু যে ঘটনা ঘটিয়েছিল তার ভয়াবহতার কারণ এখনো আমাদের কাছে অস্পষ্ট। ব্যক্তিগতভাবে আমার মনে হয়, বঙ্গবন্ধুর রাজনৈতিক সাফল্যে ঈর্ষাকাতর এদেশের স্বাধীনতাবিরোধী চক্র কেবল ক্ষমতা দখলের জন্যই করেনি, তিনি যে বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম দিয়েছিলেন সেটি তাদের সহ্য হয়নি। যার ফলে পরিবারের প্রায় সবাইকে নৃশংসভাবে হত্যার      শিকার হতে হয়েছিল। এমন ঘটনায় স্বাভাবিকভাবেই পৃথিবীর প্রায় সব বাংলা ভাষাভাষী স্তব্ধ হয়ে গিয়েছিল। এই ঘটনার পর একজন অবাঙালির মুখে একটি প্রশ্ন শুনে আমি নিরুত্তর হয়ে গিয়েছিলাম। ইংরেজিতে করা তার প্রশ্নটি ছিল—এ কেমন বাঙালি, যে তার বুকে গুলি চালাতে পারে? কথাটি শুনে আমার মনে খুব দাগ কাটে এবং আমার মনে হয়, সব বাঙালির জন্যই ঘটনাটি অত্যন্ত কলঙ্কজনক। এমন কলঙ্কময় দিন যেন আমাদের আর দেখতে না হয়। আসুন, আমরা সবাই সেই প্রার্থনাই করি।

লেখক :অনারারি অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়