আরো এক লাশ উদ্ধার, হাওরে ভ্রমণে নিষেধাজ্ঞা

নেত্রকোনার মদন উপজেলার হাওরে গত বুধবার ট্রলারডুবির ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাকিবুল  ইসলাম (২২) নামে এক মাদ্রাসা শিক্ষকের লাশ হাওর থেকে উদ্ধার করা হয়েছে। তার বাড়ি ময়মনসিংহের চর সিতরা ইউনিয়নের কোনাপাড়া গ্রামে। তার লাশ তার পরিজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-২ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সম্পাদক আশরাফ আলী খান খসরু পর্যটনের নাম করে হাওরে ভ্রমণ বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। ট্রলারডুবির ঘটনায় জেলা প্রশাসক মদন উপজেলা নির্বাহী অফিসারকে আহ্বায়ক করে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন থানার ওসি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার এবং ফায়ার ব্রিগেডের এক জন প্রতিনিধি। মদন উপজেলার ইউএনও বুলবুল আহমেদ বলেন, গতকাল বৃহস্পতিবার হাওরে চলাচলকারী সব ট্রলার মালিকদের সঙ্গে বৈঠক করা হয় এবং লাইফবোট সংরক্ষিত না করে কোনো ট্রলার চলতে পারবে না বলেও জানানো হয়। উল্লেখ্য, গত বুধবার ট্রলারডুবির ঘটনায় ১৮ জন মারা যান।