বৈরুত বিস্ফোরণে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার রাতে লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে নিরীহ মানুষের প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী গতকাল লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াবকে একটি বার্তা পাঠিয়ে শোক প্রকাশ করেছেন।

শেখ হাসিনা বার্তায় বলেন, ‘মঙ্গলবার রাতে বৈরুতে বিস্ফোরণে নিরীহ মানুষের প্রাণহানির জন্য বাংলাদেশের জনগণ ও সরকার এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি গভীর শোক প্রকাশ করছি।’ বাংলাদেশের প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সহানুভূতিও জানিয়েছেন। এ সংকটের সময়ে বাংলাদেশের জনগণ লেবাননের সরকারের পাশে দাঁড়াবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস যে, আপনার সুযোগ্য নেতৃত্বে লেবানন সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে।’ শেখ হাসিনা উল্লেখ করেন যে, ইউএনএফআইএল (লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী)’র অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিজয় বিস্ফোরণের সময় বন্দরে অবস্থান করছিল। জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নৌবাহিনীর ২১ জন সদস্য আহত হয়েছে। তিনি বলেন, ‘জানা গেছে যে, লেবাননে বসবাসরত কিছু বাংলাদেশি প্রাণ হারিয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। আমি বিশ্বাস করি, এই সংকটের সময়ে আপনার সম্মানিত সরকার তাদের দেখাশোনা করবে।’ প্রধানমন্ত্রী নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।