হাইভোল্টেজ বিদ্যুত্ সঞ্চালন লাইনের ওপর এক জোড়া ফাইবার অপটিক ক্যাবল মোবাইল ফোন অপারেটর ‘রবি’কে লিজ দিয়েছে সরকারি প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কোম্পানি (পিজিসিবি)। আগামী এক বছরের মধ্যে দেশের বিভিন্ন স্থানে ধাপে ধাপে ২ হাজার ৪২২ কিলোমিটার দীর্ঘ ফাইবার অপটিক ক্যাবল ব্যবহার করবে রবি। এছাড়া রবিকে দেওয়া আগের লিজ চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ১৯০ কিলোমিটার দীর্ঘ ফাইবার অপটিক ক্যাবল ব্যবহারসংক্রান্ত চুক্তিটিও আগামী পাঁচ বছরের জন্য নবায়ন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীতে পিজিসিবির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে পৃথক দুইটি চুক্তি স্বাক্ষরিত হয়।
পিজিসিবি জানায়, ২ হাজার ৪২২ কিলোমিটার ফাইবার অপটিক নতুনভাবে লিজ প্রদানের চুক্তি প্রাথমিকভাবে এক বছরের জন্য করা হয়েছে। যা পরবর্তীতে নবায়নযোগ্য। রবি ২০২১ সালের জুলাই মাসের মধ্যে এই পরিমাণ ফাইবার অপটিক ক্যাবল লিজ নেওয়া সম্পন্ন করবে। চুক্তিতে বর্ণিত পরিমাণ ফাইবার অপটিক ক্যাবল পূর্ণাঙ্গভাবে লিজ/ব্যবহার শুরু হলে এক বছরে ২১ কোটি ৪ লাখ টাকা পাবে পিজিসিবি।
অন্যদিকে নবায়নকৃত চুক্তি মোতাবেক চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ১৯০ কিলোমিটার দীর্ঘ ফাইবার অপটিক ক্যাবল ব্যবহার বাবদ পিজিসিবিকে প্রতি বছর ১ দশমিক ৮২ কোটি টাকা হারে পরিশোধ করবে রবি। নবায়নকৃত চুক্তিতে স্ট্যান্ডার্ড চুক্তি এবং পুনর্নির্ধারিত রেট কার্যকর করা হয়েছে। আগে এক বছরে ১ দশমিক ৫১ কোটি টাকা হারে পেয়েছে পিজিসিবি। নতুন হার প্রযোজ্য হওয়ায় বছরে ৩১ দশমিক ২৩ লাখ টাকা হারে বেশি পাবে পিজিসিবি। ২০১০ সালের জুলাইয়ে এই ক্যাবল রবিকে লিজ দেওয়া হয়েছিল।
বিদ্যুতের হাইভোল্টেজ সঞ্চালন লাইনের ওপরে স্থাপিত থাকায় পিজিসিবির ফাইবার অপটিক ক্যাবল অন্যদের তুলনায় বেশি সুরক্ষিত। ওভারহেড ক্যাবল কাটা পড়াসহ অন্যান্য দুর্ঘটনার সম্ভাবনা কম। ফলে পিজিসিবির ফাইবার অপটিক ক্যাবল অধিক বিশ্বস্ত ও নির্ভরযোগ্য।
পিজিসিবির পক্ষে কোম্পানি সচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. জাহাঙ্গীর আজাদ এবং রবির প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদের পক্ষে চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমদ চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিজিসিবির নির্বাহী পরিচালক (এইচআর) শেখ রিয়াজ আহমেদ, পরিচালক (ওপিজিডব্লিউ) মো. আশরাফ হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী দেওয়ান পারভেজ আলম এবং রবির ভাইস প্রেসিডেন্ট আহমেদ তারেক আজিজ ও অনামিকা ভক্ত।