শেখ কামাল খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার ভিত্তি গড়ে দিয়েছিলেন ওয়েবিনারে বক্তারা

আওয়ামী লীগ আয়োজিত ওয়েবিনারে বক্তারা বলেছেন, শহীদ শেখ কামালের হাত ধরেই স্বাধীন বাংলাদেশের তরুণদের মাঝে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার ভিত্তি তৈরি হয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক, তরুণ রাজনীতিক শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘তারুণ্যের জেগে ওঠার নাম শেখ কামাল’ শীর্ষক একটি ওয়েবিনারে বক্তারা এই কথা বলেন।

অনুষ্ঠানটি দলের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের সহযোগিতায় বুধবার রাত সাড়ে ৮টায় জুম-এ সরাসরি সমপ্রচারিত হয়। আলোচক হিসেবে যুক্ত হয়েছিলেন মুক্তিযোদ্ধা ও নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক হারুন-উর-রশিদ, সিনিয়র ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল এবং সিনিয়র ফটো সাংবাদিক পাভেল রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা ও কলামিস্ট সুভাষ সিংহ রায়।

নাসির উদ্দিন ইউসুফ বলেন, উনি (শেখ কামাল) শেখ মুজিবের সন্তান এমন কোন দাম্ভিকতা ছিল না। ছিলেন সাধারণ মানুষের মতই। জাতির একটি সংস্কৃতির যা যা উপাদান দরকার ছিল তার ভিত্তি কিন্তু শেখ কামাল গড়ে দিয়েছিলেন। আজ তা তরুণ প্রজন্মের কাছে লালিত হচ্ছে।

ম হামিদ বলেন, আমরা যখন একসাথে ছিলাম তখন আমাদের মাঝে সম্পর্ক ছিল অন্য রকম। স্বাধীনতার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক চর্চা দেখার মত ছিল। শুধু রাজনীতিতে শেখ কামালের বিচরণ ছিল না, ছিল সাংস্কৃতিক ক্ষেত্রেও।

হারুনুর রশীদ বলেন, ‘শেখ কামালের ইচ্ছা ছিলো—এই আমাদের খেলার দুনিয়ার মাধ্যমে, রাজনীতির মাধ্যমে, সরকারের মাধ্যমে বিভিন্ন দেশে যে পরিচয় বাংলাদশের হবে, খেলাধুলার মাধ্যমেই সবার মাঝে তার সেই পরিচয় এনে দেওয়ার তীব্র আকাঙ্ক্ষা ছিলো।’