টিকটক নিয়ে নানান ঘটনার পর এবার যুক্তরাষ্ট্রেও বিপদের মুখে টিকটক। যুক্তরাষ্ট্রের মাসিক প্রায় আট কোটি সক্রিয় ব্যবহারকারীর অ্যাপ্লিকেশনটির নিয়ে নতুন আদেশ জারি করেছে ট্রাম্প প্রশাসন।
চীনা মালিকদের সঙ্গে লেনদেন নিষিদ্ধ করার জন্য টিকটক এবং উইচ্যাটের প্রতি একটি সরকারি আদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, চীনের হুমকির বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় আইনপ্রণেতারাই সেন্সরশিপ, ভুল তথ্য প্রচার, ব্যবহারকারীর তথ্য এবং শিশুদের গোপনীয়তাসহ বিভিন্ন ক্ষেত্রে টিকটক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
তবে টিকটক অ্যাপের মাধ্যমে মার্কিন ব্যবহারকারীদের ডেটা চীনা সরকারকে সরবরাহ করা হয়েছে বলে সুনির্দিষ্ট কোনো প্রমাণ উপস্থাপন করেনি ট্রাম্প প্রশাসন। এরপরও ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘‘আমরা যুক্তরাষ্ট্র থেকে টিকটক নিষিদ্ধ করছি।’’ তবে এর আগে টিকটকের মার্কিন অংশ কিনে নেওয়ার পরিকল্পনার কথা জানায় মাইক্রোসফট।
আরও পড়ুন: করোনায় ভারতে ‘কোভিড কারি’ ও ‘মাস্ক নান’!
বিবিসি জানায়, চীনা সংস্থা বাইটড্যান্সের মালিকানাধীন এ অ্যাপটি মার্কিনিদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করা হতে পারে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা।
একই ধরনের উদ্বেগ প্রকাশ করে জুন মাসের শেষ দিকে বিতর্কিত টিকটক অ্যাপ নিষিদ্ধ করে ভারত।
ইত্তেফাক/আরআই