বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা
বাউফলে এলজিইডির আওতাধীন একটি সেতু মরণফাঁদে পরিণত হয়েছে। পাঁচ বছর ধরে ঐ সেতুতে জীবনের ঝুঁকি নিয়ে এলাকাবাসী পারাপার হলেও এ ব্যাপারে সংশ্লিষ্টদের কোনো নজর নেই। জানা গেছে, বাউফল সদর ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের সংযোগ স্থাপনকারী সেতুটি ২০০৫ সালে নির্মাণ করা হয়। নির্মাণের কিছুদিন পরেই সেতুটির রেলিং ও স্লাব ভেঙে যাওয়া শুরু করে। এরপর আর সেতুটি মেরামত কিংবা পুনর্নির্মাণ করা হয়নি। স্থানীয় আবুল কাশেম, সুলতান হাওলাদার, রাসেদুল হাসান ও রানু বেগমসহ একাধিক এলাকাবাসী বলেন, সেতুটি নির্মাণের সময় নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে। এছাড়াও সিডিউল অনুযায়ী কাজ না করায় কিছুদিন পরেই ভেঙে যাওয়া শুরু হয়। এরপর থেকে এলাকাবাসী ঝুঁকি নিয়ে সেতুটি পারাপার হচ্ছেন। দক্ষিণ বিলবিলাস, হোসনাবাদ, বিলবিলাস-১ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিলবিলাস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে ঐ সেতুতে যাতায়াত করছে। তারা বলেন, বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের একাধিকবার বলার পরেও কোনো পদক্ষেপ নেননি। দ্রুত আমরা এই সেতুটি পুনর্নির্মাণের দাবি করছি। বাউফল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দিন খান বলেন, দীর্ঘদিন থেকে এলাকাবাসী সেতুটি পারাপারের ক্ষেত্রে সীমাহীন কষ্ট শিকার করছেন। সেতুটি পুনর্নির্মানের জন্য একাধিকবার উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় উত্থাপন করেছি। কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন বলেন, সেতুটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হবে।