গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা
গঙ্গাচড়ায় তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ক্ষতির মুখে পড়েছে নদীতীর সংরক্ষণ কাজের ব্লক পিচিং। জানা গেছে, বেশ কয়েকদিন থেকে উপজেলার গজঘন্টা ইউনিয়নের ছালাপাক এলাকায় তিস্তা নদীতীর রক্ষা কাজের বিপজ্জনক স্থান থেকে বালু উত্তোলন করা হচ্ছে। যে কোনো সময় ব্লক পিচিং ধসে যেতে পারে। গভীর গর্ত হওয়ায় ক্ষতির আশঙ্কা করছেন এলাকাবাসী ও কর্তৃপক্ষ। আর এটি ভেঙে গেলে মূল বাঁধে এসে আঘাত করবে তিস্তা। মূলত তিস্তা প্রতিরক্ষা ডান তীর মূল বাঁধকে রক্ষার জন্য ব্লক পিচিংয়ের কাজ করা হয়েছে। উপজেলার মর্নেয়া ইউনিয়ন থেকে নোহালী ইউনিয়ন পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার জুড়ে এই ব্লক পিচিংয়ের কাজ করেছে রংপুর পানি উন্নয়ন বোর্ড। সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্লক পিচিংয়ের একদম কাছ থেকে দুটি শ্যালো ইঞ্জিনের সাহায্যে স্থানীয় লোকজন বালু উত্তোলন করছে। রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, তিস্তা নদী থেকে বালু তোলা একদম অবৈধ। বিষয়টি আমরা দেখছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা বেগম বলেন, বিষয়টি দেখার জন্য এসিল্যান্ডকে বলছি।