স্পোর্টস ডেস্ক
ম্যানচেস্টারে স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছে পাকিস্তান দল। তৃতীয় দিনে চা-বিরতিতে যাওয়ার আগে এক উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ২০ রান। ৯ উইকেট হাতে রেখে পাকিস্তান ১২৭ রানে এগিয়ে আছে।
প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান শান মাসুদ দ্বিতীয় ইনিংসে কোনো রান না করেই ফিরেছেন। তাকে শুরুতেই ফিরিয়ে দেন স্বাগতিক পেসার জেমস অ্যান্ডারসন।
এর আগে প্রথম ইনিংসে পাকিস্তান এগিয়ে ছিল ১০৭ রানে। পাকিস্তানের ৩২৬ রানের জবাবে অলআউট হওয়ার আগে ইংল্যান্ড করে মাত্র ২১৯ রান। লেগ স্পিনার ইয়াসির শাহ একাই নেন চার উইকেট। আরেক লেগ স্পিনার শাদাব খান ও পেসার মোহাম্মদ আব্বাস দুটি করে উইকেট নেন।
ইংল্যান্ডের ইনিংসে হাফ সেঞ্চুরিয়ান মাত্র এক জন। তিনি হলেন ওলি পোপ। তার ব্যাট থেকে আসে ৬২ রান। টপ অর্ডার পুরোপুরি ব্যর্থ হয়েছে। মিডল অর্ডারে জশ বাটলার ৩৮ রান করেন। পঞ্চম উইকেট জুটিতে বাটলার-পোপ মিলে যোগ করেন ৬৫ রান। ইনিংসে এটাই ইংল্যান্ডের সবচেয়ে বড় জুটি।
শেষের দিকে স্টুয়ার্ট ব্রড ২৯ রান করে অপরাজিত থাকেন। এটা না হলে ২০০’র নিচেই আটকা পড়ে যেত ইংল্যান্ড।