শেখ কামালের নামে যুব টুর্নামেন্ট
স্পোর্টস রিপোর্টার
করোনা ভাইরাসের ধাক্কায় বিপর্যস্ত বছরের শুরুটা অবশ্য দুর্দান্ত হয়েছিল বাংলাদেশ ক্রিকেটের জন্য। দক্ষিণ আফ্রিকায় শক্তিশালী ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ট্রফি জিতেছিল বাংলাদেশ যুব দল। বিশ্বকাপের পর বিশ্বজয়ীদের নিয়ে অনেক পরিকল্পনার কথা জানিয়েছিল বিসিবি। করোনার কারণে সব পদক্ষেপ থমকে আছে।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, বিশ্ব চ্যাম্পিয়নদের নিয়ে করা কোনো পরিকল্পনাই বাতিল হয়নি। আকবর আলীদের জন্য বড় অঙ্কের এফডিআর করবে বিসিবি। করোনার প্রকোপ কমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া সংবর্ধনাও পাবে আকবর বাহিনী।
বিশ্বকাপ জয়ের পুরস্কার হিসেবে প্রতিমাসে ১ লাখ টাকা করে বেতন পাচ্ছেন যুব দলের ক্রিকেটাররা। দেশের বাইরে তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করবে বিসিবি। করোনার কারণে যেটি এখন করা যাচ্ছে না।
বিশ্বকাপজয়ী দলের সবার জন্য এফডিআর করছে বিসিবি। বোর্ড সভাপতি বলেন, ‘ট্রফিটা মাননীয় প্রধানমন্ত্রীকে দেবে, সেদিনই আমরা চেকগুলো দিয়ে দিতে পারব। সবার নামে একটা করে এফডিআর করব। একটা বড় অঙ্কের এফডিআর করে দেওয়া হবে প্রত্যেকের নামে। সব কিছুই করোনার জন্য আটকে গেছে কিন্তু কোনোটা বাতিল হয়নি, সবগুলো হবে, ইনশাআল্লাহ।’
এদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের নামে নামকরণ করা হচ্ছে বয়সভিত্তিক পর্যায়ের প্রতিযোগিতা ইয়ুথ ক্রিকেট লিগের (ওয়াইসিএল)। আগামী আসর থেকে প্রতিযোগিতাটির নাম ‘শহিদ শেখ কামাল ইয়ুথ ক্রিকেট লিগ’।
গত ৫ আগস্ট ছিল শহিদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তার অবদান চিরঞ্জীব করে রাখতেই বিসিবি এমন প্রয়াস চালায়। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘যার হাত ধরে বাংলাদেশের ক্রীড়াঙ্গন পেয়েছে আধুনিকতার ছোঁয়া তিনি আমাদের সকলের প্রিয় কামাল ভাই। ক্রীড়া ক্ষেত্রে অসাধারণ স্বীকৃতি স্বরূপ এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদন করার উদ্দেশ্যে আমরা ঠিক করেছি আমাদের যে ইয়ুথ ক্রিকেট লিগটি হতো সেটি এখন থেকে নাম করছি শহিদ ক্যাপ্টেন শেখ কামাল ইয়ুথ ক্রিকেট লিগ।’