ইত্তেফাক রিপোর্ট
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ হাজার পরিবারকে ১০ কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্র্যাক। প্রতিটি পরিবার ২ হাজার টাকা করে সহায়তা পাবে। জামালপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, সিরাজগঞ্জ, গাইবান্ধা ও সুনামগঞ্জ জেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত ১৫টি উপজেলায় এই সহায়তা দেওয়া হবে। পরিবারগুলোর কাছে এই টাকা পাঠানো হবে বিকাশের মাধ্যমে। ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, যে কোনো প্রাকৃতিক দুর্যোগেই অসহায় মানুষের পাশে দাঁড়ায় ব্র্যাক। ঘূর্ণিঝড় আইলা, মহাসেন, আম্ফানের সময়েও ব্র্যাকের কর্মীরা দুর্গত এলাকায় নিরলসভাবে সেবা দিয়েছেন। এই ভয়াবহ বন্যা পরিস্থিতিতেও আমরা আর্থিক সহায়তা দেব, যাতে দুর্গত মানুষেরা তাদের জরুরি প্রয়োজন মেটাতে পারেন।