নাইজেরিয়ার চার নাগরিকসহ গ্রেফতার ৫
ইত্তেফাক রিপোর্ট
ফেসবুকে বন্ধুত্বের ফাঁদ পেতে উপহার দেওয়ার নামে কৌশলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে নাইজেরিয়ার চার নাগরিক ও তাদের এদেশীয় এক সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব-৪। বৃহস্পতিবার রাতে রাজধানীর পল্লবী ও কাফরুল এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট, ব্যাংকের ডিপোজিট স্লিপ, চেক বই, ১২টি মোবাইল ফোনসেট, একটি ব্যক্তিগত গাড়ি ও ৩ লক্ষাধিক টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো—ওনোরাহ নামদি ফ্রাঙ্ক, উদেজে ওবিনা রুবেন, ম্যাকদুহু কেলভিন, ফ্র্যাঙ্ক জ্যাকব ও বাংলাদেশি নাগরিক টুম্পা আক্তার। টুম্পা কাস্টমস কর্মকর্তা পরিচয়ে টার্গেট করা ব্যক্তিদের ফোন করে প্রতারণায় সহায়তা করত।
র্যাব-৪ এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল জানান, গ্রেফতারকৃতরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া নাম-পরিচয়ে অ্যাকাউন্ট খুলে বিপরীত লিঙ্গের লোকজনের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলত। নিজেদের তারা পরিচয় দিত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে। এক পর্যায়ে তারা ফেসবুক বন্ধুর ঠিকানায় দামি উপহার পাঠিয়েছে বলে জানাত। এরপর কাস্টমস কর্মকর্তা পরিচয়ে তাদের ফোন করত টুম্পা। কথিত উপহারের প্রাপককে বলা হতো—‘আপনার নামে একটি পার্সেল এসেছে। এজন্য ‘কাস্টমস ফি’ হিসেবে নির্দিষ্ট অঙ্কের টাকা দিতে হবে। ’একটু পর আবারও ফোন করে বলা হতো—‘পার্সেলে অবৈধ স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা রয়েছে। এগুলো বৈধ করার জন্য ফি দিতে হবে, নইলে মানি লন্ডারিং আইনে মামলায় পড়বেন।’ এভাবে উলটোপালটা বুঝিয়ে টার্গেট করা ব্যক্তিকে নির্দিষ্ট ব্যাংক হিসাব নম্বরে টাকা পাঠাতে বলা ছিল টুম্পার দায়িত্ব। এভাবে চক্রটি লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে জানা গেছে। তাদের সহযোগীদের গ্রেফতারে অভিযান চলছে।