রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায় আমজাদ হোসেন বাবু নামের এক ক্যাবল ব্যবসায়ীকে গতকাল শুক্রবার সকালে পিটিয়ে গুরুতর জখমের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত আমজাদ হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
পুলিশ জানায়, আমজাদ হোসেন শুক্রবার সকালে কয়েক জন কর্মচারী নিয়ে দড়িকান্দি এলাকায় ইন্টারনেটের ক্যাবল সংযোগ দেওয়ার কাজ করছিলেন। এ সময় এলাকার মৃত. ফজলুল হকের ছেলে মকবুল হোসেন ও ইলিয়াছ পূর্বশত্রুতার জের ধরে লোহার পাইপ দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে মারাত্মক জখম করে। এসময় আমজাদ হোসেনের চিত্কারে মনোয়ার হোসেন নামে এক কর্মচারী তাকে উদ্ধার করতে চাইলে তাকেও পিটিয়ে হাত-পা থেঁতলে দেয় মকবুলের লোকজন। এসময় তাদের ব্যবহূত মোবাইল ফোন, ক্যাবল সংযুক্তকরণ মেশিন ও নগদ টাকাসহ ২ লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নেয় তারা। পরে আশপাশের লোকজন ছুটে এলে আহতদের প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।