অবসরপ্রাপ্ত মেজর সিনহার মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচার হবে :স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের মৃত্যুর ঘটনা তদন্তে যারাই দোষী সাব্যস্ত হবে, তাদের বিচারের আওতায় আনা হবে। গতকাল শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডির সরকারি বাসভবনে সাংবাদিকদের  বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় তিনি এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিনহা মোহাম্মদ রাশেদ হত্যার ঘটনা গুরুত্বের সঙ্গে নিয়েই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি যে সুপারিশ করবে সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দুই জন ছাড়া বাকি সাত জন কোর্টে হাজির হয়েছেন। আত্মসমর্পণ করার পরে বিজ্ঞ আদালত কী নির্দেশনা দিয়েছেন, সেই অফিসিয়াল নির্দেশনা এখনো আমাদের কাছে এসে পৌঁঁছায়নি। পৌঁছানোর পরে আমরা বলতে             পারব—কী নির্দেশনা দিয়েছেন। যেহেতু মামলা হয়েছে মাননীয় আদালত এটা সম্পন্ন করবেন।’

পুলিশের দায়ের করা মামলায় সিনহা মোহাম্মদ রাশেদের সঙ্গে থাকা লোকজন, যাদের কারাগারে বন্দি রাখা হয়েছে তাদের ভবিষ্যত্ কী? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়টিও আমাদের নজরে রয়েছে। তদন্ত কমিটির সুপারিশে এদের বিষয়টিও আশা করছি থাকবে। তদন্ত কমিটির রিপোর্ট দেখে এদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

অনুমতি ছাড়া বেসরকারি হাসপাতালে অভিযান চালানো যাবে না—স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ প্রজ্ঞাপনের  বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আসাদুজ্জামান খান কামাল বলেন, অভিযান বন্ধ নেই। অনিয়মের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়েরও একটি নির্দেশনা রয়েছে। যেখানে অভিযান প্রয়োজন হবে, অবশ্যই স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হবে।