সুরক্ষিত গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে পালিয়েছি এক কয়েদি। পালিয়ে যাওয়া কয়েদির নাম আবু বকর সিদ্দিক। তার বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আবাদ চণ্ডীপুরে। আবু বকর সিদ্দিক ২০১১ সালে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে ফাঁসির আসামি হিসেবে কাশিমপুর কারাগারে আসেন। ২০১২ সালের ২৭ জুলাই তার সাজা সংশোধন করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত।
কারা সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় লকআপ করতে গিয়ে ঐ কয়েদিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরও গতকাল শুক্রবার বিকাল পর্যন্ত ঐ কয়েদিকে কারাগারের ভেতরে কোথাও খুঁজে পাওয়া যায়নি। পরে বিষয়টি ঊর্ধ্বতন কারা কর্তৃপক্ষকে জানানো হয়। ধারণা করা হচ্ছে, কারাগারের ১৮ ফুট উচ্চতার সীমানা প্রচীর টপকে ঐ কয়েদিটি কারাগার থেকে পালিয়ে গেছে।
এ ব্যাপারে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজনস) ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা জানিয়েছেন, এই ঘটনায় প্রধান কারারক্ষীসহ ছয় কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং আরো ছয় কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। আইজি প্রিজনস বলেন, এ ছাড়া এই ঘটনায় একজন অতিরিক্ত আইজিকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি আগামীকাল (আজ) শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করবে। তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন শেষে এবং আরো বিস্তারিত জেনে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে বলেও জানান কামাল পাশা। তিনি আরো বলেন, গতকাল (বৃহস্পতিবার) থেকে কয়েদির গ্রামের বাড়ি সাতক্ষীরা, গাজীপুরসহ আশপাশের এলাকায় তার খোঁজ আমরা করেছি, তবে এখনো আমরা তাকে পাইনি। আশা করছি, খুব দ্রুতই তাকে ধরে ফেলব।