মেজর (অব.) সিনহা হত্যা

আদালতে পৌঁছেনি রিমান্ডের নথি, প্রস্তুত র্যাব

সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি ওসি প্রদীপ কুমার দাশসহ তিন আসামিকে সাত দিন এবং চার আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছে আদালত। সে মতে প্রস্তুতি নিয়েছে কক্সবাজারস্থ র্যাব-১৫ কর্তৃপক্ষ। তবে, আদালতের রিমান্ড মঞ্জুরের নথিপত্র এখনো কারাগারে পৌঁছেনি। ফলে রিমান্ডে নেওয়া হয়নি আসামিদের। কক্সবাজার জেলা কারাগারের সুপার মো. মোকাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। অন্যদিকে, কক্সবাজার র্যাব-১৫-এর উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান বলেন, আদালতের আদেশপ্রাপ্ত আসামিদের রিমান্ড প্রক্রিয়া শুরু করতে পূর্ণ প্রস্তুতি নেওয়া রয়েছে। নথি কারাগারে পৌঁছালেই সে অনুযায়ী আমরা কাজ শুরু করব।

কক্সবাজার জেলা কারাগারের সুপার মো. মোকাম্মেল হোসেন বলেন, সিনহা হত্যা মামলার আসামিদের রিমান্ডের জন্য বের করার কোনো ধরনের অনুমতি এখনো হাতে পৌঁছেনি। আদালত থেকে আদেশের কপি হাতে আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

গত বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকালে মেজর সিনহা হত্যা মামলায় অভিযুক্ত ওসি প্রদীপসহ সাত আসামিকে গ্রেফতার করে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হলে প্রথমে জামিন শুনানি হয়। জামিন নামঞ্জুর হলে কক্সবাজার র্যাব-১৫-এর পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মেজর মেহেদী হাসান। শুনানি শেষে ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকত ও এসআই নন্দ দুলাল রক্ষিতকে সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া বাকি চার আসামিকে দুই দিন করে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম। তবে, জিজ্ঞাসাবাদের আদেশ পাওয়া চার জনকেও রিমান্ড মঞ্জুর করার জন্য রাতে র্যাবের পক্ষ থেকে আরো একটি পিটিশন দায়ের করার কথা শুনেছি। তবে আদালত আদেশ দিয়েছে কি না, জানি না।