দম্পতিসহ সড়ক দুর্ঘটনায় নিহত ৫

ইত্তেফাক ডেস্ক

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় গত বৃহস্পতিবার এক দম্পতিসহ পাঁচ জন নিহত হয়েছেন। ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

মানিকগঞ্জ: ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার মুলজান এলাকায় পাটুরিয়ামুখী বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিহত দম্পতি হলেন—ইয়াসমিন বেগম (৪০) ও হুমায়ন আহম্মেদ। ইয়াসমিন মুলজান পল্লী বিদ্যুত্ অফিসের বিলিং সেক্টরে কর্মরত ছিলেন। হুমায়ন ঢাকা সিটি করপোরেশনে চাকরি করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তারা জেলা শহরের উত্তর সেওতা এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। মানিকগঞ্জ পল্লী বিদ্যুত্ অফিসের সিনিয়র জেনারেল ম্যানেজার আব্দুর রশিদ মৃধা এ তথ্য জানান। গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘বাসের চালক পলাতক রয়েছেন।’

খুলনা: খুলনায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মফিজ (৪৫) নামে এক ইজিবাইক চালক নিহত ও দুই জন আহত হয়েছেন।  নগরীর বয়রা পুলিশ লাইনের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত দুই জন হলেন—খালিশপুর থানার চরেরহাট এলাকার বাসিন্দা হোটেল কর্মচারী সোহেল (৩৫) ও তার স্ত্রী তাহমিনা (২৭)।

ডামুড্যা (শরীয়তপুর): ডামুড্যায় ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সায়েম বয়াতি (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি কনেশ্বর ইউনিয়নের মন্টু বয়াতির ছেলে।     

গোদাগাড়ী (রাজশাহী): গোদাগাড়ীর বসন্তপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ফারুক নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি রাজশাহীর বাঘা উপজেলার সোনাদহ গ্রামের বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে কসাইপাড়া নামক স্থানে রাজশাহীগামী একটি ট্রাক ও চাঁপাইনবাবগঞ্জগামী একটি বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।