বরিশাল অফিস ও কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
র্যাব-৮ এর অভিযানে গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে পিরোজপুর জেলার কাউখালী রকেট ঘাট এলাকা থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করা হয়েছে। আটক মো. রফিকুল ইসলাম নয়নকে ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার উত্তর তারাবুনিয়া এলাকার খান মোতাহার হোসেনের ছেলে। র্যাব ৮-এর সদর দপ্তর থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী রকেট ঘাটস্থ শাহীন হোটেলের সামনে অভিযান পরিচালনাকালে মো. রফিকুল ইসলাম নয়নকে আটক করা হয়। পরবর্তিতে তার স্বাকারোক্তি অনুযায়ী তল্লাশি চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে র্যাব সদস্যরা। এ বিষয়ে র্যাব-৮ এর ডিএডি মো. আব্বাস আলী বাদী হয়ে পিরোজপুর জেলার কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
এ দিকে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আটক মো. রফিকুল ইসলাম নয়ন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এর প্যাডেল স্টিমার পিএস টার্ন এর দ্বিতীয় শ্রেণির মাস্টার হিসেবে কর্মরত রয়েছেন। বর্তমানে পিএস টার্ন ডকে থাকায় সে সংস্থার অপর জাহাজগুলোতে নিয়মিত যাতায়াত করতো। তাকে প্রায়ই কাউখালী রকেট ঘাটে দেখা যেতো বলে ঘাটের একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে তার কর্মরত থাকার বিষয়টি নিয়ে বরিশাল বা কাউখালীর বিআইডব্লিউটিসির কোনো কর্মকর্তা মন্তব্য করতে চাননি।