মেজর সিনহা হত্যা

ওসি প্রদীপসহ সাত পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যার ঘটনায় টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর লিয়াকত আলীসহ সাত অভিযুক্ত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল শুক্রবার চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিআইজি বলেন, ‘সরকারি কোনো কর্মকর্তা-কর্মচারী ফৌজদারি অপরাধে অভিযুক্ত হলে অটো বরখাস্ত হওয়ার নিয়ম রয়েছে। সেই নিয়মে আসামি ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীকে পুলিশ সদর দপ্তর থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া এসআই নন্দলাল রক্ষিত, কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল আবদুল্লাহ আল মামুন ও এএসআই লিটন মিয়াকে পুলিশ সুপার বরখাস্ত করেছেন।

গত ৩১ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় তার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে প্রদীপ কুমার দাশ, ইন্সপেক্টর লিয়াকত আলীসহ ৯ জনকে আসামি করে টেকনাফ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত ৫ আগস্ট মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তার (আইও) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামি প্রদীপ কুমার দাশ, লিয়াকত আলী ও নন্দলাল রক্ষিতকে সাত দিন করে রিমান্ড মঞ্জুর ও বাকি আসামিদের দুই দিন জেল গেটে জিজ্ঞাসাবাদ করার আদেশ দেন। মামলাটি তদন্ত করছে র্যাব। আগামী সাত কর্মদিবসের মধ্যে তারা প্রতিবেদন দাখিল করবে।