মশক নিধনে ডিএনসিসিতে চিরুনি অভিযান শুরু আজ

এডিস মশা নিয়ন্ত্রণে তথা মশক নিধনে আবারও চিরুনি অভিযান শুরু করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।  আজ শনিবার থেকে শুরু হবে ১০ দিনব্যাপী এ অভিযান। চলবে ২০ আগস্ট পর্যন্ত। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে ডিএনসিসি। এর মাধ্যমে চলতি মৌসমে মশক নিধনে চতুর্থবারের মতো অভিযানে নামতে যাচ্ছে সংস্থাটি।

আগামী ১১ আগস্ট জন্মাষ্টমী, ১৪ আগস্ট শুক্রবার ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে চিরুনি অভিযান বন্ধ থাকবে। অ?ভিযানের কার্যক্রম সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে। তবে অঞ্চল বা ওয়ার্ডভেদে প্রতিদিনের চিরুনি অভিযান শুরু ও শেষ করার সময় পরিবর্তন হ?তে পা?রে। ডেঙ্গু সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং চিরুনি অভিযান সম্পর্কে নগরবাসীকে অবহিত করতে এরই মধ্যে ডিএনসিসির সর্বত্র মাইকিং করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

চিরুনি অভিযান সর্বাত্মকভাবে সফল করতে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, গণমাধ্যমকর্মী ও ডিএনসিসির সর্বস্তরের জনগণকে আহ্বান জানান।  তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত আমাদের স্থাপনার ভেতরে-বাইরে, আশপাশে তিন দিনের বেশি জমা পানি থাকবে, ততদিন পর্যন্ত আমরা ডেঙ্গু থেকে সুরক্ষিত নয়। নগরবাসীর প্রতি আমার আহ্বান, বাড়ি বা স্থাপনার ভেতরে, বাইরে, আশপাশে কোথাও পানি জমে থাকলে এক্ষুনি ফেলে দিন। তিন দিনে একদিন জমা পানি ফেলে দিন। ডেঙ্গু থেকে আপনি সুরক্ষিত থাকুন, আপনার পরিবার, শহর ও রাষ্ট্রকে সুরক্ষিত রাখুন। এর আগে পরিচালিত চিরুনি অভিযানের মতো এ চিরুনি অভিযান পরিচালনার উদ্দেশে প্রতিটি ওয়ার্ডকে ১০টি সেক্টরে ভাগ করা হয়েছে। আবার প্রতিটি সেক্টরকে ১০টি সাবসেক্টরে ভাগ করা হয়। প্রতিদিন প্রতিটি ওয়ার্ডের একটি সেক্টরে অর্থ্যাত্ ১০টি সাবসেক্টরে চিরুনি অভিযান পরিচালনা করা হবে। প্রতিটি সাবসেক্টরে ডিএনসিসির চার জন পরিচ্ছন্নতাকর্মী ও একজন মশক নিধনকর্মী অর্থাত্ প্রতিটি ওয়ার্ডে প্রতিদিন ৪০ জন পরিচ্ছন্নতাকর্মী ও ১০ জন মশককর্মী ডিএনসিসির আওতাধীন বিভিন্ন বাড়ি, স্থাপনা ও প্রতিষ্ঠানে গিয়ে কোথাও এডিস মশার লার্ভা আছে কি না, কিংবা কোথাও তিন দিনের বেশি পানি জমে আছে কি না, কিংবা ময়লা-আবর্জনা আছে কি না, যা এডিস মশার বংশবিস্তারে সহায়ক তা পরীক্ষা করবেন।