মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
আলমগীর হোসেন সুমন, মুলাদী (বরিশাল) সংবাদদাতা
অপারেশন থিয়েটারের সব যন্ত্রপাতি থাকা সত্ত্বেও কক্ষে স্থাপন না করায় মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো প্রকার অপারেশন হচ্ছে না। এক্সরে অপারেটরের অভাবে দীর্ঘদিন ধরে অব্যবহূত ডিজিটাল এক্সরে মেশিনটি নষ্ট হয়ে যাচ্ছে আর টেকনেশিয়ান না থাকায় বন্ধ রয়েছে প্যাথলজির কার্যক্রম। এতে চিকিত্সাসেবা ব্যাহত হচ্ছে। হাসপাতালে জরুরি অপারেশনের জন্য যন্ত্রপাতি স্থাপনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
জানা গেছে, ২০০৬ সালে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীতকরণের ভিত্তিপ্রস্তুর স্থাপন করা হলেও ২০১৭ সালে নতুন ভবনের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পরপর সরকার হাসপাতালে অপারেশন থিয়েটারের যন্ত্রপাতি, এক্সরে, আল্ট্রাসনোগ্রামসহ বিভিন্ন যন্ত্রপাতি সরবরাহ করলেও অদৃশ্য কারণে তা স্থাপন না করে ফেলে রেখে প্রায় অকেজো করে দেওয়া হয়েছে। প্রায় চার মাস আগে হাসপাতালে একজন ডেন্টাল সার্জন যোগদান করলেও ডেন্টাল ইউনিট না থাকায় রোগীরা কোনো সুবিধা পাচ্ছেন না। এছাড়া ৫০ শয্যার হাসপাতালে ২৮ জন চিকিত্সকের স্থলে কর্মরত রয়েছেন ১৭ জন।
করোনা ইউনিট কিংবা আইসোলেশন বেড না থাকায় কোভিড-১৯ রোগীরা চিকিত্সাসেবা বঞ্চিত রয়েছেন। এছাড়া কোভিড ও নন-কোভিড রোগীদের পৃথক না করায় সাধারণ রোগীরা ঝুঁকি নিয়েই চিকিত্সাসেবা গ্রহণ করছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইয়েদুর রহমান জানান, খুব শিগগিরই হাসপাতালে যন্ত্রপাতি স্থাপন করে অপারেশন থিয়েটার ও প্যাথলজি কার্যক্রম চালু করা হবে। তবে হাসপাতালের ৩১ শয্যার পুরাতন ভবন ও ডক্টরস কোয়ার্টারের একটি ভবন পরিত্যক্ত হওয়ায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।