বিদ্যুতের খুঁটি উপড়ে তিন দিন ধরে অন্ধকারে পাঁচ গ্রামের মানুষ

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে ইটভাটার মাটি উত্তোলনের ফলে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে গেছে। ফলে ঐ এলাকার পাঁচ গ্রামের প্রায় ২ হাজার পরিবার তিন দিন ধরে অন্ধকারে রয়েছে।

জানা যায়, উপজেলা সদর হতে পাঁচপাকিয়া হয়ে জয়নাথপুর পর্যন্ত বিদ্যুত্ সরবরাহের জন্য লাইন টানা হয়। এ লাইনের খুঁটির কাছ থেকে ইটভাটার মাটি উত্তোলনের ফলে বর্ষার পানিতে খুঁটির গোড়া ডুবে গেলে গত বৃহস্পতিবার রাতে একটি খুঁটি উপড়ে পড়ে যায়। ফলে ঐ এলাকার পাঁচপাকিয়া, মোল্লাপাড়া, পারকাসুন্দা, জগদিসপুরসহ পাঁচ গ্রামের প্রায় ২ হাজার গ্রাহক তিন দিন ধরে অন্ধকারে রয়েছে। পারকাসুন্দা গ্রামের আলহাজ খলিলুর রহমান বলেন, তিন দিন ধরে আমাদের এলাকায় বিদ্যুত্ না থাকায় ফ্রিজের মাছ, মাংস পচে গেছে। এ ছাড়াও ভ্যাপসা গরমে আমরা অতিষ্ঠ হয়ে উঠেছি।

নওগাঁ পল্লী বিদ্যুত্ সমিতি আত্রাই জোনের এজিএম ফিরোজ জামান বলেন, পাঁচপাকিয়া ইটভাটার মালিক আমাদের খুঁটির একেবারে গোড়া থেকে মাটি উত্তোলন করায় বর্ষায় পানি আসায় খুঁটিটি উপড়ে গেছে। এলাকায় বিদ্যুত্ সরবরাহ নিশ্চিত করতে আমার অফিসের লোকজন দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এখানে ২০-৩০ ফুট পানি আছে। তাই আপাতত বাঁশ গেড়ে কৃত্রিম পদ্ধতিতে তার টানিয়ে লাইনটি চালু করার চেষ্টা করছি।