শিবপুরে কিশোরীকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা

নরসিংদী প্রতিনিধি ও শিবপুর সংবাদদাতা

নরসিংদীর শিবপুরে ঝুমা আক্তার (১২) নামের এক কিশোরীকে হত্যার ঘটনায় শনিবার মামলা দায়ের হয়েছে। মৃত ঝুমা আক্তারের মা নিলুফা বেগম অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে শিবপুর মডেল থানায় হত্যা মামলাটি দায়ের করেন।

ঝুমা আক্তার শিমুলিয়া গ্রামের মুকুল মিয়ার মেয়ে। মুকুল মিয়া জানান, বৃহস্পতিবার বিকালে বাড়ির পাশে মাদ্রাসার টিউবওয়েলে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় ঝুমা। পরে অনেক খোঁজাখুঁজি করে কোথাও তাকে পাওয়া যায়নি। শুক্রবার সকালে বাড়ির পাশের কলাবাগানে লাশ দেখতে পেয়ে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়। শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান জানান, হত্যাকাণ্ডের ঘটনায় শনিবার নিহতের মা বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা দায়ের করেছে।

বিদ্যুত্স্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

শিবপুরের দক্ষিণ কারারচর গ্রামের একটি মুরগির ফার্মে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা গেছেন শ্রমিক শহিদ মিয়া। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। তার বাড়ি সুনামগঞ্জের দুয়ারাবাজারে। এ ব্যাপারে শিবপুর মডেল থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।