নাটোরে সেলাই মেশিন বিতরণ
নাটোর প্রতিনিধি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে নাটোরে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নাটোর-নলডাঙ্গায় ১২জন অসহায় ও দুঃস্থ নারীকে সেলাই মেশিন হস্তান্তর করেন নাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শিমুল। জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আশরাফুল ইসলাম প্রমুখ।
শেখ রাসেল ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ
ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা ইসলামপুর সদর ইউনিয়নের গঙ্গাপাড়া সেন্টার বাজারে শেখ রাসেল ফাউন্ডেশন ইউ এস ইঙ্ক গৌরব ৭১-এর উদ্যোগে ৩০০ বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. মিজানুর রহমান, পৌর মেয়র আ. কাদের শেখ প্রমুখ।
চাটখিলে পানিবন্দিদের দুর্বিষহ জীবন
চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা চাটখিল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দেড় শতাধিক পরিবারের সাত শতাধিক মানুষ পানিবন্দি হয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছে। মাত্র আধা কিলোমিটার রাস্তা সংস্কার না করার কারণেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নওশাদুল করিম বলেন, বরাদ্দের অভাবে কাজ করা যাচ্ছে না।
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক অনুদানের চেক বিতরণ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের জন্য বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে দেওয়া আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে বিতরণী অনুষ্ঠানে প্রেসক্লাবের আহ্বায়ক দীপক চৌধুরী বাপ্পীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
বেকারদের রিকশা বিতরণ
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা বেকারদের মধ্যে রিকশা বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যাশা-৮৬। শুক্রবার বিকালে সৈয়দপুর শহরে শামসুল হক মেমোরিয়াল একাডেমি চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। রিকশা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসিম আহমেদ।
বটিয়াঘাটা প্রেসক্লাবের সভাপতি এনায়েত ও সম্পাদক শাহীন
বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা বটিয়াঘাটা প্রেসক্লাবের কমিটি গঠন উপলক্ষ্যে এক সভা শনিবার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সবার সম্মতিতে অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস সভাপতি, মুহিদুল ইসলাম শাহীন সম্পাদক ও তরিকুল ইসলাম কোষাধ্যক্ষসহ মোট ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন হয়।
বঙ্গমাতার জন্মদিনে সেলাই মেশিন বিতরণ
খুলনা অফিস বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে শনিবার খুলনায় দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ এবং মোবাইলে আর্থিক অনুদান প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন মহানগরীর ১২ জন দুস্থ নারীর হাতে একটি করে সেলাই মেশিন তুলে দেন। পাশাপাশি ২০ জন দুস্থ নারীকে মোবাইলের মাধ্যমে ২ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
সুনামগঞ্জে আলোচনা সভা
সুনামগঞ্জ প্রতিনিধি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষ্যে শনিবার জামালগঞ্জ পরিষদের হলরুমে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার। আলোচনা শেষে গরিব দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ ও উপজেলা প্রশাসন চত্বরে বৃক্ষ রোপণ করেন তিনি।
বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন
নরসিংদী প্রতিনিধি নরসিংদী জেলা আওয়ামী লীগ, সব সহযোগী ও অঙ্গসংগঠনের উদ্যোগে শনিবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষ্যে মাধবদী পৌর মিলনায়তনে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মাধবদী শহর আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দীন আহাম্মেদ।